• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

বকশীগঞ্জ পৌরসভায় ফুটপাত ও সড়ক দখল: জনদুর্ভোগ চরমে

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক ও ফুটপাতগুলো এখন অবৈধ দখলদারদের কবলে। যত্রতত্র দোকানপাট আর যানবাহনের বিশৃঙ্খল পার্কিংয়ের কারণে এই অঞ্চলের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও একই চিত্র দেখা যাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

বকশীগঞ্জ বাজারের চিত্র এখন এমনই যে, পথচারীদের জন্য হাঁটার জায়গা নেই বললেই চলে। জামালপুর-বকশীগঞ্জ এবং বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের অংশবিশেষসহ পৌরসভার ভেতরের গুরুত্বপূর্ণ সড়ক যেমন পুরাতন বাসস্ট্যান্ড বটতলা মোড় থেকে মধ্য বাজার রোড, উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার মোড়, মধ্য বাজার মোড়, বড় মসজিদ রোড ও পুরাতন গরুহাটি রোডের ফুটপাত ও সড়কের সিংহভাগই অবৈধ দখলে চলে গেছে। ফলমূল, কাঁচাবাজার ও মাছের বাজারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, যা দখল করে রেখেছে ফুটপাতের একটি বড় অংশ।

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তাগুলো এমনিতেই সরু। তার ওপর এই অবৈধ দখলের ফলে যানজট এখন নিত্যদিনের ঘটনা। এতে একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তেমনি অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও আশঙ্কাজনক হারে বাড়ছে।

বকশীগঞ্জ উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও সড়কের চিত্র একই। মাছের বাজার ও ফলের দোকানের সারি ফুটপাত দখল করে রেখেছে। শিক্ষার্থীরা বলছেন, স্কুলের সামনেই এমন অস্বাস্থ্যকর পরিবেশ এবং যানজটের কারণে তাদের স্কুলে যাতায়াত করতে অত্যন্ত কষ্ট হয়।

দশম শ্রেণির ছাত্রী পৃথিবী তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, “আমাদের স্কুলের ঠিক সামনেই প্রতিদিন মাছের বাজার বসে। স্কুলে আসতে গেলেই মাছের আঁশটে আর পচা গন্ধে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। তার ওপর রাস্তা দখল করে বাজার বসানোর কারণে প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। স্কুলের সামনে এত নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। এই দুর্ভোগ থেকে আমরা দ্রুত মুক্তি চাই।

রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশার যত্রতত্র পার্কিং এবং ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচল রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, কিছু মার্কেটের মালিক টাকার বিনিময়ে পৌর এলাকার ফুটপাত ও সড়কের ওপর অবৈধ দোকানপাট বসানোর সুযোগ করে দিচ্ছেন। এই বিষয়টি একাধিকবার আইনশৃঙ্খলা মাসিক মিটিংয়ে আলোচনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পৌরসভা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালালেও, অভিযান শেষ হওয়ার পরপরই দখলদাররা পুনরায় ফুটপাত দখল করে তাদের ব্যবসা শুরু করে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এই প্রসঙ্গে বলেন, আমরা ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। কিন্তু অভিযান শেষ হওয়ার পরপরই দখলদাররা আবার ফিরে আসে। এটি একটি চক্রের মতো কাজ করছে। আমরা এই সমস্যার একটি স্থায়ী সমাধান বের করার চেষ্টা করছি, যাতে পৌরবাসী নির্বিঘ্নে যানজটমুক্ত চলাচল করতে পারে।

বকশীগঞ্জ উপজেলার খাতেমুন মঈন মহিলা কলেজের সহকারী অধ্যাপক, কবি,গবেষক ও প্রাবন্ধিক রজব বকশী এই পরিস্থিতির একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “বকশীগঞ্জ বাজারের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এখন সময়ের দাবি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনেও যখন মাছের বাজার বসে, তখন শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি হয়। পৌরসভা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে যাতে উচ্ছেদের পর আবার দখল না হয়। একটি আধুনিক শহরের জন্য ফুটপাত ও সড়কগুলো সবার জন্য উন্মুক্ত থাকা জরুরি।

ভুক্তভোগী পৌরবাসীও এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।